তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুর শহরের কালিতলা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের (বিপিএম) তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীরের (পিপিএম) নেতৃত্বে গোডাউনটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি খাকি রঙের কার্টন থেকে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের চালানটি আড়াল করতে কার্টনটিতে ৭০ প্যাকেট শোষক তুলা ও ১৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন রাখা হয়েছিল।অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আতিক খানকে হাতেনাতে আটক করা হয়।দিনাজপুর ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।