রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে এসব কারখানার শ্রমিকেরা পার্শ্ববর্তী জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসা হয়।
এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কারখানাসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও কারখানা এলাকায় কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কাফরুল এলাকায় কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।
অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নেমে বিক্ষোভ করার খবর পাওয়া যায়নি।