রাজধানী ঢাকায় এক রাতেই চারটি বাসে অগ্নিসংযোগ ও ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নাশকতার এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্ক করা যাত্রীশূন্য মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান জানান, গুলশান থেকে মহাখালীর দিকে আসা বাসটির পেছনের অংশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে বাসে ওঠা দুই ব্যক্তি আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
একই রাতে রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসেও আগুন দেওয়া হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসটিতে যাত্রী থাকলেও তাঁরা সবাই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও ও যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছাত্রলীগ নেতাও রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, দুটি ককটেলই বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
এক রাতের ব্যবধানে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।