শো শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানিয়ে মৌসুমী মৌ বলেন, আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় তার মাথা, বুক, হাত ও পায়ে আঘাত লেগেছে। এখনও দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, শো শেষে ফেরার পথে পিকআপ ভ্যানটি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পড়েন। তবে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিলেন মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় পিকআপ চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ তুলেছেন মৌসুমী মৌ। তার দাবি, চালকের আচরণ স্বাভাবিক ছিল না এবং গাড়ির ব্রেকও ঠিকভাবে কাজ করছিল না। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

দুর্ঘটনার পর ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমী মৌর দ্রুত সুস্থতা কামনা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *