মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২টি পৃথক স্থানে মহাসড়ক সংলগ্নের বড় ৩টি গাছের এক তৃতীয়াংশ কেটে মহাসড়কে নাশকতার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান ও মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেণী জেলার সীমান্ত সংলগ্ন চৌদ্দগ্রামের লাটিমি রাস্তার মাথার বাঁশতলা এলাকায় এবং মহাসড়কের মিয়াবাজার সংলগ্ন ফুড প্যালেসের সামনে সড়কের পাশের তিনটি বড় গাছের এক তৃতীয়াংশ কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা গাছগুলো কেটে রাখে।
পরে স্থানীয়রা খবর দিলে হাইওয়ে পুলিশ, চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগীতায় গাছগুলো কেটে অপসারণ করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে দ্রুততর সময়ে গাছের বাকী অংশ কেটে গাছগুলো অপসারণ করি এবং যানবাহন চলাচল স্বাভাবিক করি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, মহাসড়কের পাশে একটি গাছ অর্ধেক কাটা ছিল, গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় গাছটি কেটে অপসারণ করি। গাছটি নাশকতা নাকি চুরির উদ্দেশ্যে কাটা হয়েছিল আমরা তা খতিয়ে দেখছি।