নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার ওপর উপড়ে পড়ে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। এতে যাত্রী এবং পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি সোনারগাঁও থানা পুলিশ কাজ করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে গাছের গুড়িসহ দূর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে আস্তে আস্তে যান চলাচল শুরু করে। বিকেল ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সকাল ৬ টার দিকে গাছের গুড়ি বোঝাই ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়লেও গুড়ি সরাতে শ্রমিক না পাওয়ায় দীর্ঘ ১০ ঘন্টার পর্যন্ত মহাসড়কে যানজট ছিল।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামগামী লেনে ( ঢাকা মেট্রো-ট-১৭-০১৮২) একটি ট্রাক সড়ক বিভাজকে ( ডিভাইডার) ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা গাছ গুড়িগুলো মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে। ফলে ওই লেনে চট্টগ্রাম ও কুমিল্লাগামী যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। ফলে ধীরে ধীরে কাঁচপুর নয়াবাড়ি থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় । ফলে ওই সড়কে চলাচলরত যানবাহনের যাত্রী এবং চালক ও শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী মোগরাপাড়া চৌরাস্তার কসমেটিক ব্যবসায়ী শাহিন মিয়া জানান, তিনি মেঘনা যাওয়ার উদ্দেশ্যে টিপরদী থেকে রওনা হয়েছেন। প্রায় দেড় ঘন্টা যানজটে আটক পড়েন। এক পর্যায়ে গাড়ি নেমে হেটে মোগরাপাড়ায় গিয়ে অন্য গাড়িতে গৌন্তব্যে গিয়েছেন।
কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক আলগীর হোসেন বলেন, পুলিশের গাফলতির কারনে দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়েছে। দূর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে র্যাকার নিয়ে আসলেও গাছের গুড়ি সরাতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের স্বদিচ্ছা থাকলে এমন যানজটের সৃষ্টি হতো না।
আরেক যাত্রী রাশেদুল ইসলাম জীবন বলেন, ভোর থেকে গাড়িতে বসে আছি। কখন যানজট শেষ হবে, তা বুঝতে পারছি না। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে যারা যাত্রা করছেন, তাদের ভোগান্তি আরও বেশি।
মাইক্রোবাস চালক আব্দুস সাত্তার বলেন, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে লাকসাম যাচ্ছেন। পথে কেওঢালা এলাকায় তিনি যানজটের কবলে পড়েছেন। কেওঢালা থেকে দড়িকান্দি আসতে ৪ ঘন্টা সময় পাড় করতে হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, ভোরে ট্রাক উল্টে গােেছর গুড়ি গুলো ছড়িয়ে যাওয়ায় কারনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গাছের গুড়িগুলো সরানোর জন্য সকাল থেকে শ্রমিক না পাওয়ার কারনে এ ভোগান্তিতে পড়তে হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আমাদের পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা ছিল। দুপুর ১২টার দিকে ৬ জন শ্রমিক ভটভটির মাধ্যমে গাছের গুড়ি সরিয়ে নেওয়ার পর পর যান চলাচল শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।