আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই অংশ হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় নিলামের আগে কলকাতার পার্সে যুক্ত হয়েছে মোট ২৭ কোটি ২০ লাখ রুপি।
ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছিল মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর তাঁকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে আইপিএলের ওই মৌসুমে কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ হয়নি এই বাঁহাতি পেসারের।
অন্যদিকে গত বছরের নিলামে ১৮ কোটি রুপিতে মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। তবে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ পাননি শ্রীলঙ্কার এই পেসার। দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। অভিষেক ম্যাচে দ্বিতীয় ওভারে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পাথিরানা। ফলে মাত্র আটটি বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া আরেকটি চোট এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে বিলম্ব হওয়ায় দলের সঙ্গে যোগ দিতেও দেরি হয়েছিল তাঁর। সব মিলিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
তবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত বছর ২৫ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে তাঁকে দলে নিয়েছিল কলকাতা। মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও পরে ব্যাট হাতে ঘুরে দাঁড়ান গ্রিন। ১৪৫ দশমিক ৭০ স্ট্রাইক রেটে ৩২২ রান করার পাশাপাশি বল হাতে ১০ দশমিক ৬৩ ইকোনমি রেটে সাতটি উইকেট নেন তিনি।
তবে ২০২৭ মৌসুমে গ্রিনের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইপিএলের আগে ও পরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি থাকায় পুরো মৌসুমে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও দল গঠনে পরিবর্তন এনেছে। আগামী মৌসুমে না খেলার ইচ্ছা প্রকাশ করায় অস্ট্রেলিয়ান ওপেনার ট্র্যাভিস হেডকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ সালের আইপিএলের আগে ৬ কোটি ৮০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। পরে ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে ধরে রাখা হয় তাঁকে।
অন্যদিকে অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। নয় বছরের বিরতি শেষে ২০২৪ সালে আইপিএলে ফিরেছিলেন তিনি। স্টার্ককে ছেড়ে দেওয়ায় নিলামের আগে দিল্লির বাজেটে যুক্ত হয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপি।
সব মিলিয়ে আগামী মৌসুমের নিলামের আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে আইপিএলের দলগুলোর সমীকরণে বড় পরিবর্তন আসছে। বিশেষ করে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে, নিলামে তাঁকে কোন দল দলে ভেড়ায় তা নিয়ে।