গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, হামলাকারীরা যদি মনে করেন তাঁদের ভিডিও বা সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই, তাহলে তাঁরা ভুল করছেন। প্রত্যেক অপরাধীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাইকে ঘোষণা দিয়ে যারা টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়েছেন, তাঁদেরও যাচাই-বাছাই করে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা থানায় হামলা করেছে, গাড়ি পুড়িয়েছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ও ভিডিও ফুটেজ রয়েছে। আজ হোক কিংবা কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।
এ সময় গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকতে হবে। কিছুসংখ্যক দুষ্কৃতিকারী এবং সীমান্তের ওপার থেকে উসকানিদাতাদের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করেন তিনি।
সংসদে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ। তাদের আচরণে সভ্যতা, ভদ্রতা কিংবা গণতন্ত্রের প্রতিফলন নেই; বরং স্বৈরাচারী ও ফ্যাসিবাদী প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা নিয়েও সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সেখানে নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যুক্তরাজ্যে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।