মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’—বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই সংলাপ এবার শোনা যাবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের কণ্ঠে। ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ড বা ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আমাজন এমজিএম স্টুডিওসের ঘোষণায় বন্ড ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়।
৪০ বছর বয়সী রবার্ট প্যাটিনসন হবেন জেমস বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ‘অ্যারাইভাল’ ও ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের নির্মাতা ও লেখক স্টিভেন নাইট। এটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা। ২০২৮ সালে মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। এই সুযোগ তাঁর কাছে স্বপ্ন পূরণের চেয়েও বেশি কিছু।
নতুন সিনেমাটিকে ঘিরে আরেকটি বড় আলোচনা শুরু হয়েছে—প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? বন্ড সিরিজে নারী চরিত্রগুলো বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তাই নতুন সিনেমায় এই গুরুত্বপূর্ণ চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর নাম নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। আলোচনায় রয়েছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, এমিলি ব্লান্ট, মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির মতো জনপ্রিয় তারকারা।
সম্ভাব্য তালিকায় জেনডায়াকে নিয়ে দর্শকদের আগ্রহ তুলনামূলক বেশি। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি ডেনিস ভিলনেভের ‘ডিউন’ সিরিজেও অভিনয় করছেন এই অভিনেত্রী। ফলে পরিচালক ও সম্ভাব্য নায়ক—দুজনের সঙ্গেই তাঁর কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকে নিয়ে আলোচনা বাড়ছে।
একই কারণে সম্ভাব্য তালিকায় রয়েছেন ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়। ডেনিস ভিলনেভের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগ করার বিষয়টি তাঁদের নাম আলোচনায় আসার অন্যতম কারণ।
এ ছাড়া নির্মাতা ভিলনেভের সঙ্গে আগে কাজ করেছেন এমিলি ব্লান্ট। অন্যদিকে মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির মতো তারকারাও সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে আলোচনায় রয়েছেন।
তবে সম্ভাব্য এই তালিকার কোনো অভিনেত্রীকেই এখনো আনুষ্ঠানিকভাবে বন্ড গার্ল হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে নতুন জেমস বন্ডের বিপরীতে শেষ পর্যন্ত কোন তারকাকে দেখা যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।