অভিনয়জগতে কাজের সুযোগ পাওয়ার আশায় ক্যারিয়ারের শুরুতে এক পরিচালকের অস্বস্তিকর আচরণের শিকার হয়েছিলেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। দক্ষিণী সিনেমায় কাজ করার সময় ওই পরিচালক তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এমনকি একদিন নির্জন ও অন্ধকার জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে চুম্বন করার নির্দেশ দেন পরিচালক। ওই ঘটনায় ভয়ে কাঁপতে শুরু করেছিলেন দেবিনা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন দেবিনা। বিনোদনজগতের চাকচিক্যের আড়ালে কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। চলচ্চিত্র ও বিনোদনজগতে পরিচিত এই সমস্যাটি ‘কাস্টিং কাউচ’ নামে পরিচিত। এবার সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন অভিনেত্রী।
দেবিনা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালক তাঁকে সন্ধ্যায় কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন তিনি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। ফলে পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি না বলবেন কি না, তা বুঝে উঠতে পারছিলেন না। যদিও শুরু থেকেই তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক নয়। তবু অনেকটা অনিচ্ছা সত্ত্বেও পরিচালকের সঙ্গে গাড়িতে বের হন তিনি।
এরপর গাড়ি চালাতে চালাতে একটি অন্ধকার ও নির্জন জায়গায় গিয়ে গাড়ি থামান পরিচালক। দেবিনার ভাষ্য অনুযায়ী, সেখানে তাঁকে চুম্বন করার নির্দেশ দেন ওই ব্যক্তি। পরিচালকের এমন আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। অচেনা জায়গায় একা থাকায় নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর মনে ভয় ছিল, প্রতিবাদ করলে পরিচালক তাঁর কোনো ক্ষতি করতে পারেন কি না।
একপর্যায়ে কাঁপা কণ্ঠে নিজের অস্বস্তির কথা পরিচালককে জানান দেবিনা। তিনি স্পষ্ট করে বলেন, ওই পরিস্থিতিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। ঘটনাটি তাঁর কাছে ছিল অত্যন্ত ভীতিকর ও অপ্রত্যাশিত।
অভিনেত্রী আরও জানান, পরবর্তী সময়ে জীবনে গুরমীত চৌধুরীর আগমনের পর নিরাপত্তা ও নির্ভরতার অর্থ নতুন করে উপলব্ধি করেছেন তিনি। স্বামী গুরমীতের মধ্যেই সেই নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন দেবিনা।
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন দেবিনা ব্যানার্জি। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ওই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত চৌধুরী। পরবর্তী সময়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে।