যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠনের আগে মার্কিন বাণিজ্যনীতি ও পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শি মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন। অন্যদিকে পুতিন দাবি করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রবৃদ্ধি থামাতে পারেনি। তাঁদের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে বক্তব্য দেন শি জিনপিং। এর আগে ট্রাম্প আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠকের জন্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছিলেন। সেখান থেকে তাঁর শেনজেনে যাওয়ার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠনের দিকেও নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
শির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত চিপের ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। এসব বিধিনিষেধের আওতায় এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি চিপও পড়তে পারে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতা আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনও এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
চীনের প্রেসিডেন্ট বলেন, দেশটি শিল্পভিত্তি ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে। পাশাপাশি শুল্ক কমানো এবং নিজস্ব বাজার আরও উন্মুক্ত করার কথাও জানান তিনি। তাঁর বক্তব্যে সুরক্ষাবাদ ও একতরফা বাণিজ্যনীতির বিরোধিতা স্পষ্ট হয়ে ওঠে।
তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীন বিপুল বাণিজ্য উদ্বৃত্ত ধরে রাখতে এমন নীতি অনুসরণ করছে, যা দেশটির নিজস্ব উৎপাদন খাতকে সুবিধা দিচ্ছে। এতে অন্য দেশের শিল্প ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বেইজিংয়ের যুক্তি, অর্থনৈতিক উন্নয়ন ও ধনী দেশগুলোর সঙ্গে ব্যবধান কমাতে তাদের বর্তমান প্রবৃদ্ধির মডেল প্রয়োজনীয়।
দ্য এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান ও অংশীদার জর্জ চেনের মতে, শির এই বার্তা উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বাণিজ্য কৌশল থেকে নিজেদের আলাদা করে তুলে ধরার চীনা প্রচেষ্টাও এতে জোরালো হবে।
শির বক্তব্যের পর সম্মেলনে ভাষণ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের হামলায় ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সড়কসেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাঁর এই বক্তব্য আসে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ঘটনাটিকে মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ভাষণে পশ্চিমা দেশগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ বলে উল্লেখ করেন পুতিন। ইউরোপ ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা উল্টো রাশিয়াকে আরও শক্তিশালী করেছে।
পুতিন বলেন, অর্থনৈতিক আধিপত্য ও চাপ সৃষ্টির প্রচলিত কৌশলগুলো আগের মতো কার্যকর নেই। নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ কিছু বাধা তৈরি করতে পারে, তবে এগুলো কোনো দেশের প্রবৃদ্ধি থামাতে বা প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে ধ্বংস করতে সক্ষম নয়।
পরে শি জিনপিং ও পুতিনের পৃথক দ্বিপক্ষীয় বৈঠকেও দুই নেতা পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের অংশীদারত্ব স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা। একই সঙ্গে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
সম্ভাব্য এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখানে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং বিভিন্ন অঞ্চলে প্রভাববলয় নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে বর্তমান বৈঠক নিয়েও ছোট দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের বড় সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলো নিজেদের স্বার্থে কোনো সমঝোতায় পৌঁছালে ইউরোপ ও এশিয়ার অপেক্ষাকৃত ছোট দেশগুলোর নিরাপত্তা ও স্বার্থ উপেক্ষিত হতে পারে।
ক্রেমলিন অবশ্য ইয়াল্টা সম্মেলনের সঙ্গে বর্তমান বৈঠকের তুলনাকে রাজনৈতিক বিশ্লেষকদের কল্পনাপ্রসূত আলোচনা বলে প্রত্যাখ্যান করেছে। তবে বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করেছে তারা। অন্যদিকে বেইজিংয়ের দাবি, এই ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে
এদিকে এশিয়ায় নিজের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপরতা চালাচ্ছেন ট্রাম্প। ম্যানিলায় ফিলিপাইনের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন তিনি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ ও জলসীমা নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে চীনে অবস্থানকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। তবে এমন বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
এদিকে মঙ্গলবার তাইওয়ান ও জাপান নিজেদের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পুতিন বর্তমান বিশ্বকে অস্থির ও ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করলেও দেশগুলোর মধ্যে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের আসন্ন বৈঠক থেকে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা দেখছেন বলেও জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। চীন মুক্ত বাণিজ্য ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান তুলে ধরছে। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তিগত অগ্রগতিতে বিধিনিষেধ আরোপের পাশাপাশি এশিয়ায় মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে।
এখন দেখার বিষয়, তিন বৃহৎ শক্তির নেতাদের বৈঠক আন্তর্জাতিক বিরোধ কমাতে কোনো কার্যকর সমঝোতার পথ তৈরি করে, নাকি তাদের প্রতিযোগিতা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে আরও অনিশ্চয়তা বাড়ায়।
সূত্র: রয়টার্স।