ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে মহাসড়কের সানারপাড় এলাকার ইউটার্ন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, মহাসড়কের সানারপাড় এলাকায় থ্রি স্টার পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাসটির মালিক লোকমান মামুন। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী বা অন্য কেউ অবস্থান করছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ের ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাওসার জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনের খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে যাই। পরে কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ আমাদের কাছে দেয়নি। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।