এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি সেখানে পৌঁছান। সফরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান।
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় বিরতি নেবেন তিনি। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরের কর্মসূচিতে শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে তরুণদের আগ্রহ এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশে আয়োজিত জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সফরের সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।