আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বাড়িটি তাঁর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দুই নম্বর গেটসংলগ্ন চশমা হিল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এরই ধারাবাহিকতায় চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকধারী ব্যক্তিকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। রাত সাড়ে ৮টার দিকে তাঁরা বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালান বলেও ফুটেজে দেখা যায়।
তবে অভিযান পরিচালনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশ্ন শোনার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ অভিযান সম্পর্কে অবগত নন বলে জানান। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া গেছে কি না, কিংবা সেখান থেকে কোনো সরঞ্জাম বা নথিপত্র উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে সিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ মন্তব্য করতে রাজি হননি। ফলে অভিযানটির উদ্দেশ্য, তল্লাশির বিস্তারিত এবং সম্ভাব্য উদ্ধারসংক্রান্ত তথ্য এখনো অস্পষ্ট রয়েছে।