রাজধানীর মহাখালীর পাগলার পোল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ইমরান ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। তিনি মহাখালী এলাকায় থাকতেন।
ইমরানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হাজিরন সোম জানান, পাগলার পোল এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ইমরান গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।