মেসিকে হত্যা ও রোনালদোর হোটেলে হামলার পরিকল্পনা ফাঁস

বিশ্বকাপ ঘিরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোসহ একাধিক ফুটবলার, রেফারি ও কর্মকর্তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া নথিতে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নথি অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে মেসিকে লক্ষ্য করে একাধিক হামলার হুমকি দেওয়া হয়। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামে অস্ত্র নিয়ে হামলার হুমকি দেন। ওই ব্যক্তি মেসিকে হত্যার কথাও বলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়। একই ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ডাস্টবিনে বোমা রাখার দাবি করে আরেকটি ফোনকল আসে। পরে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে স্টেডিয়ামে তল্লাশি চালানো হয়।

নিরাপত্তা হুমকির তালিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। নথিতে বলা হয়েছে, এক ব্যক্তি ফিফার এক কর্মীর কাছে রোনালদোর হোটেলের অবস্থান জানতে চেয়েছিলেন। পরে এক ভক্ত নিরাপত্তা ভেঙে তার হোটেলে প্রবেশ করে একই লিফটে ওঠার চেষ্টা করেন। আটক হওয়ার পর তিনি শুধু সেলফি তুলতে চেয়েছিলেন বলে দাবি করেন।

এ ছাড়া ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারাও হুমকির মুখে পড়েন। আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের কাছে হাজারো হুমকিমূলক বার্তা আসে। খেলোয়াড়দের মধ্যেও নরওয়ের আলেকজান্ডার সোরলথ ও কলম্বিয়ার জন জামিন্তন কাম্পাস প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনার মধ্য দিয়ে বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসরে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *