‘নাটক বাদ দিয়ে প্রতিশ্রুতি পূরণ করুন’, ট্রাম্পকে কলিবফ

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকি ও আলোচনার বার্তার কঠোর সমালোচনা করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নাটক’ বাদ দিয়ে প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কলিবফ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় হামলার হুমকি এবং একই সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। এটি বারবার ব্যবহৃত একটি ব্যর্থ ও প্রদর্শনমূলক কূটনীতির অংশ।

তিনি বলেন, আলোচনার টেবিলে চাপ তৈরিতে হুমকি ব্যবহার, বাস্তবায়ন না করা প্রতিশ্রুতি দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা যুক্তরাষ্ট্রের ব্যর্থ কৌশলে পরিণত হয়েছে।

কলিবফ আরও বলেন, ‘বাস্তবতাকে মেনে নিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আমাদের আর কোনো নাটকের প্রয়োজন নেই।’

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। দুই দেশের কর্মকর্তারা একদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কঠোর অবস্থানের কথা বলছেন, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার ইঙ্গিত দিচ্ছেন।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ও রাজনৈতিক চাপকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক কর্মকাণ্ড ও নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ থেকেই তারা চাপ ও কূটনৈতিক উদ্যোগ একসঙ্গে চালিয়ে যাচ্ছে।

দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *