প্রকৃতি সংরক্ষণ করেই কক্সবাজারে পর্যটন উন্নয়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শুধু উঁচু ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের দীর্ঘ উপকূলজুড়ে পরিকল্পিতভাবে পর্যটন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে পর্যটন সম্প্রসারণ করা হলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব।

তিনি আরও বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দর যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল রাজস্ব আয় করতে পারে। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ বাড়াতে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ বাড়বে।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *