মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৬টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।
এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিল সরবরাহের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং তাঁদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাঁদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং দীর্ঘায়িত এই বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়ে সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।
অন্যদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানিয়েছিল। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের একটি সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও স্পষ্ট করে তারা।
একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হলেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখনো বাস্তবায়িত হয়নি। সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে সহিংসতা বন্ধ, মানবাধিকার সুরক্ষা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলোই এখন আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।