রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই এলাকায় তাঁর মালিকানাধীন একটি প্রশিক্ষণকেন্দ্রেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে শাহরিয়ার আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এ ঘটনায় ভিন্ন তথ্য দিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক। তাঁর ভাষ্য, কয়েকজন বাড়িতে প্রবেশ করে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। পরে বাড়ির ফটকে আগুন দেওয়া হলে তা নিভিয়ে ফেলা হয়।
এদিকে, প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, উপজেলার মণিগ্রাম ইউনিয়নের সাফারি গ্রামে শাহরিয়ার আলমের মালিকানাধীন একটি প্রশিক্ষণকেন্দ্রেও আগুন দেওয়া হয়েছে। সেখানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।