রেকর্ড গড়াই যেন রেকর্ড ভাঙার জন্য। শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড টিকল মাত্র পাঁচ মাস। গত জুনে যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। এবার সেই রেকর্ড ভেঙে ৮১ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাসডাক শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে প্রায় পাঁচ বছর বয়সী অ্যানথ্রপিকের বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে পূর্বপরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার। অথচ চলতি মাসের শুরুতে প্রতি শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করেছিল তারা। এতে প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নির্ধারণের কথা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে অ্যানথ্রপিকের একজন প্রাথমিক বিনিয়োগকারী বিবিসিকে জানান, আইপিওতে শেয়ারের চাহিদা ছিল আকাশচুম্বী। তালিকাভুক্তির আগেই বরাদ্দযোগ্য শেয়ারের তুলনায় ১০ গুণের বেশি আবেদন জমা পড়েছিল।
কোডিং, লেখালেখি ও তথ্য বিশ্লেষণের মতো কাজে ব্যবহৃত অ্যানথ্রপিকের এআই টুলগুলোর জনপ্রিয়তা গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় বাড়িয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। তবে একই সময়ে নিট লোকসানও বেড়ে ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে আইপিও নথিতে উল্লেখ করা হয়েছে।
ক্যানাকর্ড ওয়েলথের লিয়াহ ব্রামওয়েল বলেন, প্রাতিষ্ঠানিক ও সাধারণ—উভয় ধরনের বিনিয়োগকারীর কাছ থেকেই শেয়ারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। তাঁর মতে, এটি দেখায় যে এআই প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কেবল সাময়িক উন্মাদনা নয়।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে ৮১ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করবে অ্যানথ্রপিক। পাশাপাশি এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শেয়ার বিক্রির দায়িত্বে থাকা ব্যাংকগুলো ‘গ্রিনশু অপশন’ প্রয়োগ করলে অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার সংগ্রহের সুযোগ রয়েছে। সব মিলিয়ে তহবিল সংগ্রহের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ এআই প্রযুক্তি ও টুলসনির্ভর প্রথম পাবলিক কোম্পানি হিসেবে অ্যানথ্রপিক বিশেষ অবস্থান তৈরি করবে।
তবে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আয় ও মুনাফা অর্জনের সক্ষমতা নিয়ে উদ্বেগও রয়েছে। এআই প্রযুক্তির উন্নয়ন ও পরিচালনায় বিপুল অর্থ ব্যয় করতে হয়। ব্যয়বহুল কম্পিউটার চিপ, ডেটা সেন্টার এবং প্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভরশীল এই ব্যবসায় টিকে থাকতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় অ্যানথ্রপিকের ব্যবসা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারবে কি না, সেটিই বড় প্রশ্ন।
ওপেনএআইয়ের সাত সাবেক কর্মী ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ভাই-বোন দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই। উন্নত এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে শুরু থেকেই সতর্ক অবস্থান জানিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এআই ডেটা সেন্টার নিয়ে রাজনৈতিক বিরোধ এবং প্রযুক্তি খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কাও বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল প্রধান মার্তা নর্টনের মতে, এআই খাতে বিপুল অর্থের প্রয়োজনীয়তাই অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার অন্যতম কারণ। শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রযুক্তি উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ বাড়াতে চায়।