জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগের একটি দল। সেখান থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। ওই মামলায় জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
এ মামলায় জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খান।
মামলার অভিযোগে এসব তারকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।