দুই বছর ধরে বিমান হামলা ও সামরিক অভিযান চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ নভেম্বর) থেকে হামাস নিয়ন্ত্রিত এ অঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ার পাশাপাশি ইসরাইলি ট্যাংক মোতায়েনের খবর পাওয়া গেছে। এতে মধ্য গাজার বিভিন্ন এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরাইলি ট্যাংক অবস্থান করতে দেখেন। পরে এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সঙ্গে যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে তারা।
আইডিএফের বিবৃতিতে দাবি করা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের মূল লক্ষ্য। তাদের দাবি, হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরাইলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরাইল। এই রেখা উপত্যকার ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা এবং হামাস নিয়ন্ত্রিত এলাকাকে পৃথক করেছে। বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি সামরিক যানও দেখা গেছে। বুধবার দুপুর থেকে সেখানে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
অন্যদিকে, গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করেছে, জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার হুমকি এবং বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
হামাসের দাবি, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক বাসিন্দাদের ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে আগে থেকেই বিপর্যস্ত উপত্যকাটির মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
নতুন করে স্থল অভিযান, গোলাবর্ষণ ও বিমান হামলার খবরে মধ্য গাজার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই এ সামরিক অভিযান শুরু হওয়ায় গাজার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: এএফপি।