বলিউডে কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট। শুটিংয়ে আট ঘণ্টার কর্মদিবসের দাবিকে সমর্থন জানানোর পাশাপাশি চলচ্চিত্রের সেটে নারীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান পেয়েছেন আলিয়া। এ উপলক্ষে ম্যাগাজিনটিকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রশিল্পের কর্মপরিবেশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী।
আলিয়ার মতে, চলচ্চিত্রশিল্পে কাজের সময় নির্দিষ্ট ও ন্যায্য হওয়া জরুরি। এতে কর্মীদের কাজের দক্ষতা বাড়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া সম্ভব।
তিনি বলেন, অনেক প্রযোজক কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনা করেন। তবে পুরো শিল্পের কাজের ধরন নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। কাজের সময় নির্ধারণের মতো যৌক্তিক দাবি তুললে কেউ চাকরি হারানোর ভয় পাবেন, এমন পরিবেশ থাকা উচিত নয়।
শুটিং সেটে পরিচ্ছন্ন শৌচাগার চান আলিয়া
কাজের সময়ের পাশাপাশি শুটিং সেটে নারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন আলিয়া। তাঁর মতে, নারী শিল্পী ও কর্মীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকা জরুরি। শুধু পরিচিত বা জনপ্রিয় অভিনেত্রীদের জন্য নয়, শুটিং সেটে কাজ করা পুরো দলের জন্যই এ সুবিধা নিশ্চিত করতে হবে।
আলিয়ার ভাষ্য, এসব বিষয়কে বিশেষ কোনো সুবিধা হিসেবে না দেখে চলচ্চিত্রশিল্পের স্বাভাবিক কর্মপরিবেশের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।
দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে আলোচনা
দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে ঘিরে ২০২৫ সালে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়। মা হওয়ার পর কাজের সময় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আট ঘণ্টার শিফট নিয়ে মতবিরোধের জেরে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট এবং কাল্কি ২৮৯৮ এডি পার্ট টু থেকে সরে দাঁড়ান।
দীপিকা এর আগে বলেছিলেন, পুরুষ সুপারস্টাররা দীর্ঘদিন ধরে আট ঘণ্টার শিফটে কাজ করলেও এ নিয়ে তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয় না। শুধু অভিনয়শিল্পী নয়, শুটিং সেটের সব কর্মীর জন্যই ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
দীপিকার এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন নেহা ধুপিয়া, কারিনা কাপুর ও অনন্যা পাণ্ডে।
এদিকে আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার। ২০২৭ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে দীপিকাকে দেখা যাবে কিং সিনেমায়। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।