দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি, নজরদারি এবং টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কার্যক্রমে কোনো শিথিলতা রাখা হবে না।
বেবিচকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে চলাচলকারী যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকাগুলোতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে বেবিচকের এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী, বিমানবন্দরকর্মী ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বজায় রাখতে তল্লাশি, টহল এবং প্রযুক্তিনির্ভর নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।