ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন—এমন দাবি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি দেশে ফিরলে গণহত্যার দায়ে আইনের মুখোমুখি হবেন।
শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি সত্যের মুখোমুখি হতে চান, তাহলে তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন। তিনি আরও বলেন, আইনি পথেই সবকিছু চলবে এবং আইন নিজস্ব গতিতে কার্যকর হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে হত্যা, গুম ও গণহত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি দেশে ফিরুন কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিন—আইনের দৃষ্টিতে তিনি একজন আসামি।
বিচার বিভাগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এমন একটি বিচারব্যবস্থা চান যেখানে গরিব ও অসহায় মানুষও আস্থা ও বিশ্বাস রাখতে পারেন। তাঁর মতে, বিচার বিভাগের অন্যতম বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি বলেন, বিচারকের দায়িত্ব শুধু চাকরি করা নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আস্থা নিশ্চিত করাই বিচারকের মূল দায়িত্ব।
এ সময় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তার বিরুদ্ধে এত অভিযোগের পরও তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কি না, সেটিও বিবেচনা করা উচিত।