দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে উন্নত ও চিকিৎসাবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা তৈরি করতে চান, যাতে চিকিৎসার জন্য দেশের কোনো নাগরিককে বাধ্য হয়ে বিদেশে যেতে না হয়।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার সংস্কার ও চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। দেশের মানুষ যেন নিজ দেশেই উন্নত ও মানসম্মত চিকিৎসা পান, সে লক্ষ্যেই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে।
চিকিৎসকদের পেশাগত দায়িত্বের বিষয়ে তিনি বলেন, দলীয় রাজনীতি বা রাজনৈতিক মতাদর্শ যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এ সময় দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ খাত নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সরকার স্বল্পমেয়াদি সুবিধার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, চারারোপণ ও শান্তির পায়রা উড়িয়ে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ড্যাবের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।