জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে কোনো রাজনৈতিক দলের শাখা বা নির্দিষ্ট গোষ্ঠীর ইতিহাস চর্চার কেন্দ্র না করে সার্বজনীন জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাদুঘরের বর্তমান প্রদর্শনী ও উপস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে। তাঁর দাবি, সীমান্ত হত্যাকাণ্ডের ইতিহাস, ফেলানীসহ সীমান্ত হত্যার তালিকা এবং ভারতে মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি-সংক্রান্ত কিছু নথি ও স্মারক সরিয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। তাই জাদুঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী এবং ঢাকার বাইরের আন্দোলনকারীদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনে কোনো পক্ষপাত থাকা উচিত নয়। সব শ্রেণি-পেশার মানুষের ত্যাগ ও অবদানকে সমান গুরুত্ব দিয়ে জাদুঘরকে জাতীয় ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
এ সময় তিনি সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করেন এবং ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।