নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জেলার সামগ্রিক স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্য। ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে একযোগে কাজ করার কথা জানান তারা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলার সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।
সভায় জেলার শিল্প ও বাণিজ্য খাতের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের নিরাপত্তা, কর ও রাজস্বসংক্রান্ত জটিলতা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চেম্বারের সমন্বয় এবং নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ব্যবসায়ীদের স্বার্থেও আমরা ঐক্যবদ্ধ আছি এই বার্তাটি আজ সবার কাছে পৌঁছে যাবে।
এসময় নারায়ণগঞ্জকে আরও সুন্দর ও ব্যবসাবান্ধব করতে ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি।
দিপু বলেন, নারায়ণগঞ্জ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জেলার অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াতে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় প্রয়োজন। ব্যবসায়ীরা কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারেন এবং নারায়ণগঞ্জকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জেলার উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ তৈরিতে অন্য সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় জানান। আড়াইহাজারসহ পুরো জেলার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। নারায়ণগঞ্জের সামগ্রিক স্বার্থে পাঁচ সংসদ সদস্য একসঙ্গে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন শিল্পাঞ্চল ফতুল্লার ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান। জেলার উন্নয়ন পরিকল্পনায় ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে অন্য সংসদ সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম সদর ও বন্দরের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। জেলার যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে পাঁচ সংসদ সদস্যের মধ্যে সমন্বয় রেখে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করার প্রত্যয় জানান তিনি।
সভায় ব্যবসায়ী নেতারা নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যা তুলে ধরেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপত্তা, কর আদায়ে হয়রানি বন্ধ, শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় বিকেএমইএর সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পাঁচ সংসদ সদস্যের একসঙ্গে কাজ করার অঙ্গীকারকে নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও শিল্পখাতের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন ব্যাবসায়ী ও রাজনৈতিক দলগুলোর নেতারা।