রাজধানী ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে ধারাবাহিকভাবে নাগরিক সমাবেশ, মিছিল, সভা ও গণসংযোগ করবে দলটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, নিরাপদ রাজধানী গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসব সমাবেশে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। প্রতিটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও পরিচালিত হবে।
সেলিম উদ্দিন জানান, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় মর্যাদা ও পরিবেশ বিবেচনায় রেখে ইফতার মাহফিল, গণসংযোগ এবং অন্যান্য কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
প্রত্যেক নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন কোনো ব্যবধান তৈরি না হয়।
বিএনপি সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানান সেলিম উদ্দিন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা; অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনা; পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা; চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের বৈধ রাজনীতি, বক্তব্য উপস্থাপন এবং আন্দোলন-সংগ্রাম করার অধিকার রয়েছে। তবে এসব কর্মসূচির মাধ্যম কখনোই সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা সাধারণ নাগরিকের ওপর হামলা হতে পারে না। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি দিতে পারে না।
সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জামায়াতের এই নেতা।
সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকার আগ্রহ দেখাচ্ছে না।
সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদ প্রদর্শনের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
জামায়াতে ইসলামী গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না।
রাজধানীবাসীর প্রতি শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। উসকানি ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির কথাও জানান সেলিম উদ্দিন।
তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নাগরিকরা কয়েক ডজন সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপটির কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। এ ছাড়া নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আরও কিছু প্রচারাভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সব মিলিয়ে নাগরিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে সামনে রেখে রাজধানীতে সাংগঠনিক ও জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত।