রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় মিয়ানমারকে অবশ্যই মানতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আইসিজের রায় বাস্তবায়ন মিয়ানমারের জন্য কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি আইনগত বাধ্যবাধকতা। প্রয়োজনে রায় বাস্তবায়নের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইসিজের ঐতিহাসিক রায়ের পরদিন আয়োজিত এ সমাবেশে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবির থেকে আসা হাজারো রোহিঙ্গা নারী, পুরুষ ও তরুণ অংশ নেন। এ সময় তাঁদের হাতে গণহত্যার বিচার, নাগরিকত্বের স্বীকৃতি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে ড. খলিলুর রহমান বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর বর্বর নির্যাতন এবং রোহিঙ্গাদের বসতবাড়ি ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধের বিষয় উঠে এসেছে।
তিনি বলেন, এসব নৃশংসতায় অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানির তথ্যও আদালতের রায়ে স্থান পেয়েছে। দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার রোহিঙ্গাদের জন্য এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এটি তাঁদের দীর্ঘদিনের পরিচয়, অধিকার ও ন্যায়বিচারের দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে কিংবা সব ক্ষত মুছে দিতে পারে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের প্রকৃত যাত্রা শুরু হয়।
গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা বারবার নিজেদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁদের প্রত্যাবাসন অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ হতে হবে।
তিনি বলেন, মিয়ানমারে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা দিতে হবে। কাউকে কোনোভাবেই অনিরাপদ পরিস্থিতিতে কিংবা জোরপূর্বক দেশে ফেরত পাঠানো যাবে না।
নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য একটি বড় মানবিক দায়িত্ব। কিন্তু এত বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি দায়িত্ব শুধু বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তার অর্থায়ন বাড়াতে হবে।
সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের আশ্বস্ত করে ড. খলিলুর রহমান বলেন, তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা, নির্যাতন ও অধিকার আদায়ের দাবিগুলো তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের কাছে তুলে ধরবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, দ্য হেগে ন্যায়বিচারের যে যাত্রা শুরু হয়েছে, তা কক্সবাজারের শরণার্থী শিবির থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ অব্যাহত থাকবে।
সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের দীর্ঘদিনের বঞ্চনা, নির্যাতন ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। তাঁরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে চান।
তিনি বলেন, ‘আমরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা অন্য কোনো দেশের মানুষ নই; আদি থেকেই বার্মার বাসিন্দা এবং হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছি। ইজ্জত ও সম্মান নিয়ে সেখানে ফিরতে চাই।’
মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলিমও সমাবেশে বক্তব্য দেন। নির্যাতনের শিকার হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হওয়ার স্মৃতিচারণ করে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানান।
আরেক রোহিঙ্গা নেতা খিং মং আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান তাঁর দায়িত্ব ও অবস্থান কাজে লাগিয়ে আইসিজের রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকালে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং সমাবেশে অংশ নেন। পরে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন শিবিরে অবস্থান করছেন বিপুলসংখ্যক রোহিঙ্গা। তাঁদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেন। দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে তাঁরা নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছেন।