গ্ল্যামার, আভিজাত্য আর প্রাণীদের প্রতি ভালোবাসা—সবকিছুর মেলবন্ধনে আবারও আলোচনায় বলিউডের দুই জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফ। প্রাণিজ উপাদান ছাড়াই ফ্যাশন ও সৌন্দর্যচর্চায় নতুন দৃষ্টান্ত স্থাপন করে ‘পেটা ইন্ডিয়া ভেগান ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ পুরস্কার জিতেছেন তাঁরা। ঐশ্বরিয়ার পরা বিশেষ গাউন পেয়েছে ‘সেরা ভেগান ফ্যাশন মোমেন্ট’ এবং ক্যাটরিনার প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ অর্জন করেছে ‘সেরা ভেগান মেকআপ ব্র্যান্ড’-এর স্বীকৃতি।
ফ্যাশন দুনিয়ায় সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ ও প্রাণীকল্যাণের বিষয়টিও যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তারই প্রতিফলন দেখা গেছে এবারের পুরস্কার আয়োজনে। পেটা ইন্ডিয়ার এই আয়োজনে এমন সব তারকা ও ব্র্যান্ডকে সম্মানিত করা হয়েছে, যাঁরা প্রাণিজ উপাদান ব্যবহার না করে ফ্যাশন ও সৌন্দর্যপণ্য তৈরিতে ভূমিকা রাখছেন।
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি ছিল আলোচনার অন্যতম বিষয়। কানে নিজের ২৪তম উপস্থিতিতে তিনি পরেছিলেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি ‘লুমিনারা’ নামের বিশেষ গাউন।
পোশাকটির নকশা ও নির্মাণশৈলীতে ছিল আধুনিকতা এবং ব্যতিক্রমী সৃজনশীলতার ছাপ। পশুজাত কোনো উপাদান ব্যবহার না করে রিসাইকেলড রাবার কর্ড এবং ডিজাইনারের ব্র্যান্ডের সিগনেচার ক্রিস্টাল ভেইন দিয়ে তৈরি করা হয় গাউনটি।
ব্যতিক্রমী এই পোশাকের জন্য ঐশ্বরিয়ার কান চলচ্চিত্র উৎসবের উপস্থিতিকে ‘সেরা ভেগান ফ্যাশন মোমেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে পেটা ইন্ডিয়া।
ডিজাইনার অমিত আগরওয়াল ঐশ্বরিয়াকে নিয়ে কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ঐশ্বরিয়া সব সময়ই কানে নিজের স্বতন্ত্র উপস্থিতি তুলে ধরেন। ‘লুমিনারা’ তৈরির সময় তাঁদের লক্ষ্য ছিল, এটি যেন শুধু একটি পোশাক না হয়ে তাঁর চারপাশে শক্তির একটি বলয় তৈরি করে। একই সঙ্গে বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ছড়িয়ে থাকা ঐশ্বরিয়ার দ্যুতিকে সম্মান জানায়।
অন্যদিকে, ব্যবসায়িক সাফল্য ও প্রাণীবান্ধব প্রসাধনী পণ্যের জন্য আলোচনায় এসেছেন ক্যাটরিনা কাইফ। তাঁর প্রতিষ্ঠিত মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’ পেয়েছে ‘সেরা ভেগান মেকআপ ব্র্যান্ড’-এর পুরস্কার।
২০১৯ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি অল্প সময়ের মধ্যেই ভারতের সৌন্দর্যপণ্যের বাজারে পরিচিতি তৈরি করেছে। দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে ব্র্যান্ডটির বাজারমূল্য ছিল ২৪০ কোটি রুপি। ২০২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটি রুপিতে।
শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বিউটি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছে ‘কে বিউটি’। প্রাণিজ উপাদানমুক্ত প্রসাধনী পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকার স্বীকৃতি হিসেবেই ব্র্যান্ডটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৬ সালের পেটা ইন্ডিয়া ভেগান ফ্যাশন অ্যাওয়ার্ডসে ঐশ্বরিয়া ও ক্যাটরিনা ছাড়াও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন আরও কয়েকজন তারকা ও প্রতিষ্ঠান।
অভিনেত্রী কারিশমা তান্না নির্বাচিত হয়েছেন ‘সেরা ভেগান স্টাইল আইকন’। এ ছাড়া বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে শোভিতম শাড়িস, জোয়ি, নোবেরো, লেবেল জেন, স্কার্টার্স, সোল’আর্ট ফ্যাশন, ক্রাসা, ট্রেন্ট লিমিটেড এবং টেরাটান।
বিভাগ অনুযায়ী বিজয়ীদের মধ্যে রয়েছে—
- সেরা ভেগান স্টাইল আইকন: কারিশমা তান্না
- সেরা ভেগান শাড়ি কালেকশন: শোভিতম শাড়িস
- কিডস ফ্যাশন: জোয়ি
- লাউঞ্জওয়্যার: নোবেরো
- হ্যান্ডব্যাগ: লেবেল জেন
- ট্রাভেল গিয়ার: স্কার্টার্স
- নারীদের জুতা: সোল’আর্ট ফ্যাশন
- পুরুষদের জুতা: ক্রাসা
- পার্সোনাল কেয়ার ব্র্যান্ড: ট্রেন্ট লিমিটেড
- ভেগান লেদার উদ্ভাবন: টেরাটান
পেটা ইন্ডিয়ার করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক আশিমা কুকরেজা বলেন, এবারের বিজয়ীরা প্রমাণ করেছেন যে সহানুভূতিশীল ও প্রাণীবান্ধব ফ্যাশন এখন মূলধারায় জায়গা করে নিচ্ছে।
তিনি আরও জানান, প্রাণীদের কোনো ধরনের ক্ষতি না করেও আকর্ষণীয় ও আধুনিক ফ্যাশনপণ্য তৈরি করা সম্ভব। এ ধরনের পণ্য ব্যবহারের মাধ্যমে ক্রেতারাও প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার বার্তা ছড়িয়ে দিতে পারেন।
পেটা ইন্ডিয়ার পক্ষ থেকে ক্রেতাদের প্রাণিজ উপাদানমুক্ত পোশাক, প্রসাধনী ও অন্যান্য ফ্যাশনপণ্য বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে এবারের ভেগান ফ্যাশন অ্যাওয়ার্ডসে ঐশ্বরিয়া ও ক্যাটরিনার অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ফ্যাশন ও সৌন্দর্যজগতে প্রাণীবান্ধব পণ্যের গুরুত্ব তুলে ধরার একটি উপলক্ষ হয়ে উঠেছে।
তথ্যসূত্র: এনডিটিভি।