নারায়ণগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন বিক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম প্রায় দ্বিগুণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তবে সবজির বাজারে অস্বস্তি থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির দামে। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম কমেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাজারের চিত্রে দেখা যায়, শীত ও গ্রীষ্ম—দুই মৌসুমের সবজির দামই বেড়েছে। নতুন আলু কেজিপ্রতি ১৫০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, মুলা ৫০ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা এবং বড় ফুলকপি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া পটল, ঢেঁড়শ ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, জলপাই ৫০ থেকে ৬০ টাকা এবং আমদানি করা গাজর ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ২০ টাকা বেড়ে, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, খিরাই ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক হালি লেবু ২০ থেকে ৫০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা হালি এবং চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস বিক্রি হচ্ছে। ক্যাপসিকামের কেজি ৩০০ টাকা। দেশি ধনেপাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাকের বাজারে লালশাকের আঁটি ২০ টাকা, লাউশাক ৪০ টাকা, কলমিশাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং পালংশাক ও ডাঁটাশাক দুই আঁটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
সবজির দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে কেনা টমেটো এখন ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শিমের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ অবস্থায় বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে আড়ত থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আগামী সপ্তাহে দাম কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।
এদিকে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বর্তমানে সোনালি কক মুরগি ৩১০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা এবং হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা।
মাছের বাজারে আকার ও ধরনভেদে দামের ভিন্নতা রয়েছে। এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের শিং ৩০০ থেকে ৫০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং পাঙ্গাস ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৪০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কৈ ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।