‘জয় বাংলা’ স্লোগান এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, যারা দেশ থেকে পালিয়ে গেছেন, তারাই এখন এই স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই এখন এই স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে পারবে না।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি বর্তমানে প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে রয়েছে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দলটির নেত্রী বিদেশে অবস্থান করে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্য নেতারাও বিদেশে বসে একই ধরনের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন। এসব বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি বলেন, আইনের দীর্ঘ হাতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোনো দেশেই সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ডের অবসান ঘটানো হবে।
দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমিত হয়ে এসেছে। কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করে, কোথাও আগুন জ্বালিয়ে তারা পালিয়ে যাচ্ছে।
তিনি এসব কর্মকাণ্ডকে ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষোচিত তৎপরতা হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত হবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এমন একটি নতুন রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে সব নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। দেশের মানুষ নিরাপদ পরিবেশে নিজেদের জীবন ও ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যে দেশ নিয়ে সবাই গর্ব করতে পারবে।
এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।