ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিন বাহিনীর প্রধান ছাড়াও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও সামরিক অভিযান জোরদার করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব, আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান স্মরণ করা হচ্ছে।
এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।