বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের মন্তব্য ও প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই নয়াদিল্লির ধারাবাহিক অবস্থান।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।
এ সময় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহিংস কর্মকাণ্ডের পেছনে দিল্লিতে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
জবাবে ভারতের মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। এ বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকেন তিনি। ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো অবস্থান তুলে ধরা হয়নি।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে পাঠানো অনুরোধের অগ্রগতি সম্পর্কেও জানতে চান সাংবাদিকেরা। জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। এ সংক্রান্ত তথ্যের জন্য আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য পর্যালোচনার পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়ন কিংবা এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে ভারতের মুখপাত্র নতুন কোনো তথ্য দিতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, গঙ্গাসহ অভিন্ন আন্তসীমান্ত নদীগুলোর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে কাজ করছে। এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনগুলোতে দেওয়া বক্তব্যের বাইরে নতুন করে যোগ করার মতো কোনো তথ্য তাঁর কাছে নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নয়াদিল্লির পক্ষ থেকে নতুন কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে ভারত।