ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে শনিবার ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও নৌবাহিনীর স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব, আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।