খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয়, আত্মমর্যাদাশীল ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব আরও বড় বিষয়। জীবনে এমন অসাধারণ অর্জনের সুযোগ সবার ভাগ্যে জোটে না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসে অনন্য ও অসাধারণ ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের অনেকে সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আবার কারও পরিবারের সদস্য দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশীদার।
মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীন বাংলাদেশ। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তার সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে। মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ কখনোই যথাযথভাবে মূল্যায়ন করে শেষ করা সম্ভব নয়। তারপরও রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাঁদের সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখা হবে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।
বিএনপির রাষ্ট্র পরিচালনার অতীত কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে এসব উদ্যোগ ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।
মুক্তিযোদ্ধাদের বর্তমান বয়স ও শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বয়সের ভারে অনেক বীর মুক্তিযোদ্ধা এখন ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু তাঁদের চোখে এখনো স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বক্তব্যের শেষ পর্যায়ে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সম্মান, মর্যাদা এবং পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।