তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া রাখা ও সেবনের অভিযোগে মো. আল আমিন (২০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পোস্ট অফিস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আল আমিন ওই এলাকার মো. শরিফ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসুদেবপুর পোস্ট অফিস বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় বাজারের ভেতরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আল আমিনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ, একটি টাইলসের ভাঙা টুকরো এবং একটি গ্যাস লাইট জব্দ করা হয়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।