প্রেম, প্রতারণা, ছদ্মবেশ আর সম্পর্কের নানা জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। নাটকটির গল্পে ভালোবাসা ও বিশ্বাসের টানাপোড়েনের পাশাপাশি রয়েছে রহস্য, আবেগ, হাস্যরস এবং অপ্রত্যাশিত কিছু ঘটনা। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি। গল্পের বিভিন্ন বাঁকে চরিত্রগুলোর জীবনে কীভাবে পরিবর্তন আসে, তা নিয়েই এগিয়েছে নাটকের কাহিনি।
নাটকের গল্পে দেখা যায়, মিলন তার মা ও বড় ভাই কবিরকে সঙ্গে নিয়ে মাশিয়াতকে দেখতে যায়। প্রথম দেখাতেই মাশিয়াতকে ভালো লেগে যায় মিলনের। তবে একান্তে কথা বলার সুযোগ পেয়ে মাশিয়াত নিজের মনের কথা জানায়। সে অন্য একজনকে ভালোবাসে এবং পরিবারের কাছে মিলনের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। মাশিয়াতের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত নিজেই বিয়ের প্রস্তাব থেকে সরে আসে মিলন।
এরপর জীবনের নতুন অধ্যায় শুরু হয় মিলনের। চাকরির সুবাদে মফস্বলের একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে সে। একাকিত্বে থাকা ছোট ভাইয়ের সঙ্গী হিসেবে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকেই মিলনের জীবনে ঘটতে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা।
অন্যদিকে, মাশিয়াতের জীবনেও নেমে আসে হতাশা। সে জানতে পারে, যাকে ভালোবেসে এত কিছু করেছে, সেই মানুষটিই অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। প্রেমিকের এমন প্রতারণায় ভেঙে পড়ে মাশিয়াত। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাত তাকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এভাবেই প্রেম, বিশ্বাসভঙ্গ ও জীবনের নানা পরিস্থিতি নাটকের গল্পকে ভিন্ন দিকে এগিয়ে নিয়ে যায়।
নাটকটি প্রসঙ্গে পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, ‘মায়াবতী’তে সম্পর্কের জটিলতা, প্রেম, প্রতারণা এবং জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। গল্পে হাস্যরস ও নাটকীয়তার পাশাপাশি আবেগ এবং ভালোবাসার বার্তাও রয়েছে। দর্শকেরা নাটকের শেষ পর্যন্ত একটি চমক উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সব মিলিয়ে প্রচলিত প্রেমের গল্পের বাইরে ছদ্মবেশ, রহস্য ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘মায়াবতী’ দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি নাটক হতে যাচ্ছে। বিশেষ করে গল্পের রহস্যময় চরিত্র ও শেষ মুহূর্তের চমক দর্শকদের আগ্রহ ধরে রাখবে বলে প্রত্যাশা নির্মাতার।