মৃত্যুর পর নিজের সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। এমনকি তার পরিবারের সদস্যরাও ব্যক্তিগত সম্পত্তি থেকে কোনো অর্থ পাবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি চেন্নাইয়ের একটি সম্পত্তি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার এই সিদ্ধান্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর রজনীকান্তের পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নিজের সম্পত্তির ভবিষ্যৎ পরিকল্পনা এবং তামিলনাড়ুর মানুষের প্রতি কৃতজ্ঞতার কথা বলতে শোনা যায় তাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপের ভবিষ্যৎ নিয়ে আগে নিজের অবস্থান জানিয়েছিলেন রজনীকান্ত। তিনি বলেছিলেন, মৃত্যুর পর সম্পত্তিটি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। নিজের উইলেও এ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রজনীকান্ত বলেন, যারা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছেন, সেই তামিলনাড়ুর মানুষের কল্যাণেই তার সম্পত্তির প্রতিটি পয়সা ব্যয় হবে। তার পরিবারের সদস্যরা এ সম্পত্তি থেকে কোনো অর্থ পাবেন না বলেও জানান তিনি।
নিজের এই সিদ্ধান্তের পেছনে তামিলনাড়ুর দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরেন অভিনেতা। তিনি বলেন, টিকিটের দাম যেমনই হোক, সেখানকার মানুষ সব সময় তার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন। দর্শকদের সেই ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
রজনীকান্তের এই পুরোনো বক্তব্য নতুন করে সামনে আসায় তার সম্পত্তির ভবিষ্যৎ এবং জনকল্যাণে তা ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।