সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, গ্রেফতার অভিনেতা ডন

বহুল আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সময় রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে অভিনেতা ডনকে গ্রেফতার করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হলে পরে সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তী সময়ে এ নিয়ে হত্যা মামলা করা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *