সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নিহত ১৬; ১৩ জনই নওগাঁর

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আত্রাই উপজেলার ১৩ জনের নামের প্রাথমিক তালিকা পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে শনাক্ত ১৩ জন হলেন—মোহন প্রামাণিক, সুমুন প্রামাণিক, রুবেল হোসেন, কলিউদ্দিন প্রামাণিক, সুমন হোসেন, হাসিবুল হাসান শুভ, সোহেল রানা, মহিদুল ইসলাম, সাগর হোসেন, মজিদুল ইসলাম, জালাল, মিনহাজ ও ফরিদ শেখ।

নিহতদের মধ্যে দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহীতে বলে জানা গেছে।

এ ঘটনায় আত্রাইজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।

নওগাঁর জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। মরদেহ দেশে পৌঁছালে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *