মুয়াজ্জিন থেকে সিনেমার খলনায়ক, ডনের উত্থানের গল্প

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের পরিচিত খলনায়ক আশরাফুল হক ডন। পর্দায় ভয়ংকর সব খলচরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়লেও চলচ্চিত্রে আসার আগে তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। একসময় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি, নিয়মিত দিতেন আজান।

রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় ডন হককে গ্রেপ্তার দেখানোর পর নতুন করে আলোচনায় এসেছে তার নাম। খলনায়ক হিসেবে পরিচিতির পাশাপাশি প্রয়াত নায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। ১০ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। বগুড়া থেকে ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। সোহানের হাত ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ডন।

সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘লাভ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার অভিষেক। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমায় অভিনয়ের সূত্রেই সালমান শাহর সঙ্গে পরিচয়, যা পরে ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়।

সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে দেখা গেছে ডনকে। **‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘তোমাকে চাই’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘মহামিলন’**সহ বহু সিনেমায় তার অভিনয় দর্শকের প্রশংসা পায়।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ছয় শতাধিক সিনেমায় কাজ করেছেন ডন। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন ‘এক জনমের ভালোবাসা’ সিনেমা। এছাড়া ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডও গড়ে তোলেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *