গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী-শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই নারী ও শিশুর।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারী যন্ত্রপাতির সংকটের কারণে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালাতে দীর্ঘ সময় লেগেছে। গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে টানা চার দিন তল্লাশি চালানোর পর উদ্ধারকাজ শেষ হয়।

উদ্ধার অভিযান তদারককারী মোহাম্মদ আবু দান জানান, বিশেষায়িত চিকিৎসাকর্মী ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এরপর গাজা সিটির অন্য একটি এলাকায় তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।

সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, ভারী যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকারীদের সাধারণ সরঞ্জাম ব্যবহার করে হাতে কংক্রিট সরাতে হচ্ছে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে সময় বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *