প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো, বলে গেলেন না ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই সচিবালয় থেকে চলে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় ৫০ মিনিট পর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তিনি বের হয়ে যান।

এ সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জানানো হয়, ত্রিবেদী এখন কোনো কথা বলবেন না। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এর আগে রোববার (৯ আগস্ট) রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী।

সেখানে তিনি বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের দুই সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান সম্ভব। দুই দেশের প্রধানমন্ত্রীই জনবান্ধব উল্লেখ করে তিনি সংকটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

দুই দেশের জনগণের সম্পর্ককে চমৎকার উল্লেখ করে ত্রিবেদী বলেন, এখন মূল কাজ হলো বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদৃঢ় করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *