চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে লবণচাষিরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন।’
বাঁশখালীর বেড়িবাঁধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পরিমাপ করতে সংশ্লিষ্ট মন্ত্রীসহ কর্মকর্তাদের বাঁশখালীতে আসতে বলা হয়েছে। এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তা করবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। সরকারের পক্ষ থেকে কোনো ভেদাভেদ করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বাঁশখালীতে জামায়াতের সংসদ সদস্য থাকার পরও প্রধানমন্ত্রী সেখানে এসেছেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।’