রাফীর সিনেমা দিয়ে বড় পর্দায় রেহানের অভিষেক, প্রকাশ্যে ফার্স্ট লুক

নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ মুক্তির আগেই আলোচনায়। এবার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্র হিমেল-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। এ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফ্যাশন মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহানের

শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে রেহানের চরিত্রের লুক সামনে আনেন রাফী। হিমেল চরিত্রের জন্য নতুন মুখ বেছে নেওয়ার পেছনের কারণও জানান তিনি।

রাফী বলেন, চরিত্রটির জন্য এমন একজনকে প্রয়োজন ছিল, যাকে দর্শক আগে থেকে কোনো নির্দিষ্ট চরিত্রে কল্পনা করেননি। নতুন শিল্পীকে নিয়ে ঝুঁকি থাকলেও রেহান সেই পরীক্ষায় সফল হয়েছেন বলে মনে করেন নির্মাতা।

রেহানও সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হরর গল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, এত বড় একটি হরর সিনেমায় কাজ করতে পারবেন, তা কখনো ভাবেননি। অভিনয়জীবনের শুরুতেই রায়হান রাফীর সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।

‘আন্ধার’ সিনেমায় হিমেল চরিত্রে দেখা যাবে রেহানকে। একই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে স্বর্ণালী চৈতিরও।

সিনেমাটির গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। চিত্রনাট্যে যুক্ত হয়েছেন আদনান আদিব খান। এতে রেহান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা।

ভূত, অলৌকিক ঘটনা ও রহস্যনির্ভর গল্পের ‘আন্ধার’ মুক্তির আগেই তাই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *