স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, নিলেন পেয়ারার স্বাদ

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাও’কে সঙ্গে নিয়ে নৌকায় করে বাজার ও বিভিন্ন বাগান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে তাঁদের কাছ থেকে বিস্তারিত জানেন তিনি। পাশাপাশি ভাসমান বাজার থেকে পেয়ারা কিনে স্বাদও নেন।

ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও পানির ওপর ভাসমান বাজার দেখে মুগ্ধতা প্রকাশ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। স্থানীয় কৃষকদের পরিশ্রম, বাজারের কর্মচাঞ্চল্য এবং পেয়ারার গুণগত মানের প্রশংসাও করেন তিনি।

এর আগে নৌপথে লঞ্চে করে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। নদীপথের সৌন্দর্য উপভোগের কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মার্কিন দূতাবাসের পোস্টে জানানো হয়েছে।

ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার বর্ষাকালে দেশের অন্যতম আকর্ষণীয় কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। নৌকায় পেয়ারা কেনাবেচা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার পরিদর্শন করেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *