নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডে ফের বিক্ষোভ, সংঘর্ষ

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফের উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ১৩টি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের ১৭তম দিনে বিধানসভা অভিমুখে মিছিল বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিধানসভার কাছে জগন্নাথপুর মন্দির এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশনে (JSSC) সংস্কারের পাশাপাশি ১৩টি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সিবিআই অথবা অন্য রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্তেরও দাবি তাদের।

এদিকে আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলেছেন। তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমারের দাবি, সরকার আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে এ আন্দোলনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *